Aaj India Desk,কলকাতা: কলকাতা পুরসভা (KMC) এলাকার পেনশনারদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে অবশেষে কিছুটা স্বস্তির খবর সামনে এল। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ না পাওয়ার অভিযোগ তুলছিলেন এই এলাকার অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এবার ধাপে ধাপে তাঁদের বকেয়া টাকা অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে বলে জানানো হয়েছে।
৭০৩৯ জন পেনশনারের বকেয়া DA রিলিজ
ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে একটি স্টেটমেন্ট শেয়ার করে KMC এলাকার পেনশনারদের বকেয়া নিয়ে আপডেট দিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের মাধ্যমে আপাতত ৭০৩৯ জন পেনশন হোল্ডারের বকেয়া ডিএ রিলিজ করা হয়েছে। আগামী দিনে পর্যায়ক্রমে আরও পেনশন হোল্ডারের বকেয়া মেটানো হবে বলে ব্যাঙ্কগুলির তরফে জানানো হয়েছে।
কেন এতদিন আটকে ছিল টাকা?
মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, KMC এলাকার পেনশনারদের বকেয়া ডিএ নিয়ে ১৪ অগাস্ট নবান্নে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্রের সঙ্গে আলোচনা হয়। সেখানে এই পেনশন হোল্ডারদের বকেয়া এখনও কেন মেটানো হয়নি, সেই প্রশ্ন তোলা হয়। এরপর তিনি নিজে উদ্যোগ নিয়ে এজির সঙ্গে যোগাযোগ করেন এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির তালিকা সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেন।
ব্যাঙ্কের ধীর গতির কাজেই দেরি?
আলোচনায় উঠে আসে, বকেয়া ডিএ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির প্রক্রিয়াগত কাজ কিছুটা ধীরগতিতে চলছে। ফলে সরকারের তরফে প্রয়োজনীয় হিসাব ও নির্দেশনা পাঠানোর পরেও টাকা পেনশন হোল্ডারদের অ্যাকাউন্টে পৌঁছতে সময় লাগছিল।
দীর্ঘ অপেক্ষার পর মিলছে স্বস্তি
এর আগে KMC এলাকায় বসবাসকারী বিশেষত ২০০৮ সালের আগে অবসর নেওয়া প্রবীণ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বারবার সরব হয়েছিলেন মলয় মুখোপাধ্যায়। তাঁদের মধ্যে অনেকের বয়স ৮০, ৮৫, ৯০ এমনকি ১০০ বছরের কাছাকাছি বলেও তিনি জানিয়েছিলেন। এবার তাঁদেরই একাংশের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢোকা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। তবে সমস্ত যোগ্য পেনশনারের টাকা কবে মিটবে, তা এখনও পর্যায়ক্রমিক প্রক্রিয়ার উপর নির্ভর করছে।


