Aaj India Desk, কলকাতা: শালবনী জমি দুর্নীতি (Salboni Land Case) মামলায় সুমিত রায়কে (Sumit Roy) জিজ্ঞাসাবাদ এখনও চলছে। টানা চার দিন ধরে এই মামলায় তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। এর আগে ডেবরা চাকরি দুর্নীতি মামলাতেও একদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিন ধরে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি সুমিত রায়।
এরই মধ্যে তাঁর বিরুদ্ধে থাকা আরও চারটি FIR-এর দ্রুত শুনানির জন্য কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই আরও দু’টি মামলায় সুমিত আগাম জামিন পেয়েছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তদন্তে সবরকম সহযোগিতাও করছেন তিনি। তাই বাকি মামলাগুলির শুনানি দ্রুত করার আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে আগামী সোমবারই শুনানির দিন ঠিক করার অনুরোধও করা হয়।
তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আদালতের পুরো তালিকা নতুন করে আপডেট করা সম্ভব নয়। তালিকায় যে ক্রমে মামলাগুলি রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। অন্যদিকে, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পাওয়ার দু’দিনের মধ্যেই ফের সুমিত রায়ের বাড়িতে পৌঁছেছিল CID। শুক্রবার রাতে বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেহালা ক্যানেল রোডের বাড়িতে যান তদন্তকারীরা। জানা গিয়েছে, বাড়ির সামনে প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর দরজা খোলা হয়।
এরপর CID আধিকারিকরা বেহালা থানার পুলিশ এবং এক ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন। প্রায় ১০ মিনিট পর তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে কী কারণে ওই রাতে ফের সুমিত রায়ের বাড়িতে CID গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। এর আগেও সুমিত রায়ের বাড়িতে CID-এর তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছিল।


