স্নেহা পাল, দিল্লি : আমেরিকার সাথে মুক্ত বাণিজ্য চুক্তির পর এবার বুধবার নয়াদিল্লির বাণিজ্য ভবনে স্বাক্ষরিত হলো আরেকটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)।
Gulf Cooperation Council (GCC) এর সাথে ভারত এই চুক্তির লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স (ToR)-এ সই করে। এই সইয়ের মাধ্যমে ভারত ও ছয়টি GCC দেশের মধ্যে আনুষ্ঠানিক FTA আলোচনার সূচনা হয়।
নতুন বাণিজ্য করিডর নিয়ে আলোচনা
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, ভারত ও GCC FTA একটি নতুন ও গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডর খুলে দেবে এবং পণ্য, পরিষেবা ও বিনিয়োগের ক্ষেত্রে স্থিতিশীলতা আনবে।
১৭৮ বিলিয়নের বাণিজ্য সম্পর্ক
বর্তমানে ভারত ও GCC-র মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৭৮.৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতের মোট বৈশ্বিক বাণিজ্যের ১৫ শতাংশেরও বেশি। গত পাঁচ বছরে এই বাণিজ্য গড়ে বার্ষিক ১৫.৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
কোন কোন খাত উপকৃত হবে
পীযূষ গয়াল জানান, এই FTA ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ, অবকাঠামো, পেট্রোকেমিক্যাল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) খাতকে বিশেষভাবে উপকৃত করবে। পাশাপাশি, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ বৈচিত্র্যেও এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এই ToR-এ সই করেন ভারতের বাণিজ্য দফতরের অতিরিক্ত সচিব ও প্রধান আলোচক অজয় ভাডু এবং GCC সচিবালয়ের প্রধান আলোচক ড. রাজা আল মারজুকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা এবং বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল।
ড. আল মারজুকি বলেন, ভারত ও GCC-র মধ্যে ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং এই ToR পারস্পরিক লাভজনক একটি FTA-র পথে প্রথম ধাপ।
আমদানি–রপ্তানির সাথে প্রবাসী সংযোগ
বর্তমানে GCC দেশগুলো থেকে ভারতের প্রধান আমদানি হলো অপরিশোধিত তেল, এলএনজি, পেট্রোকেমিক্যাল ও স্বর্ণ। অন্যদিকে ভারত থেকে রপ্তানি হয় ইঞ্জিনিয়ারিং সামগ্রী, চাল, বস্ত্র, যন্ত্রপাতি এবং রত্ন ও গয়না। উল্লেখযোগ্যভাবে, GCC অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় বসবাস ও কাজ করেন। পাশাপাশি, এই অঞ্চল থেকে ভারতে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) ৩১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।


