কলকাতা: “মাদ্রাসায় (Madrasa) পড়াশোনা করে কেউ কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না? কেন কেউ কেউ এখানে ক্রিমিনাল হওয়ার দিকে এগোচ্ছে?” বিধানসভায় এই মন্তব্য করে তুমুল বিতণ্ডায় জড়ালেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার পর শুক্রবার সেই নিয়ে আলোচনা কার্যত শাসক-বিরোধী বিতণ্ডায় পরিণত হয়।
অন্তর্বর্তী বাজেটে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসার বরাদ্দ ১০ শতাংশ বাড়ানো নিয়ে সওয়াল করেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তাঁর প্রশ্ন, “শিক্ষার জন্য না অনুপ্রবেশকারীদের বাঁচাতে এই বরাদ্দ বৃদ্ধি”? এরপরই ফিরহাদ হাকিমের সঙ্গে বাকযুদ্ধে জড়ান অগ্নিমিত্রা (Agnimitra Paul)। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বিধানসভায়।
ফিরহাদের পাল্টা তোপ
বিজেপি বিধায়িকার অন্তব্যে পাল্টা তোপ দাগেন নগরোন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, “স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু প্রাণ দিয়েছেন। এপিজে আব্দুল কালাম কি ক্রিমিনাল? কাজী নজরুল ইসলাম কি ক্রিমিনাল? আপনাদের ধিক্কার জানাই। আমরা কোনভাবে ক্রিমিনাল নই। আপনাকে ক্ষমা চাইতে হবে”।
পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
অগ্নিমিত্রা-ফিরহাদ (Firhad Hakim) বাকযুদ্ধ থামাতে হস্তক্ষেপ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়িকার উদ্দেশ্যে তিনি বলেন, “এধরণের শব্দ ব্যবহার করা যাবে না”। অধ্যক্ষের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে অগ্নিমিত্রার বক্তব্য, স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান অস্বীকারযোগ্য নয়। তবে রাজ্য সরকারের নীতি শুধু ক্রিমিনাল তৈরি করছে এবং সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে।
পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, রাজ্যে এত হিংসার ঘটনা কেন প্রায়শই শুক্রবার সংঘটিত হয়? অগ্নিমিত্রার দাবী, তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁরা যে বলে বিজেপি সংখ্যালঘুদের বিরোধী, একথা সত্য নয়।


