স্নেহা পাল, দক্ষিণ ২৪ পরগনা: চোখের চিকিৎসার পর আত্মীয়ের বাড়িতে থাকতে এসে রহস্যজনকভাবে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার গভীর রাতে যাদবপুর থানা (Jadavpur Police Station) এলাকার দেশবন্ধু রোডে একটি তিনতলা বাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত তপন দাসের (৬৩) বাড়ি পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে। কয়েকদিন আগে তাঁর চোখের অস্ত্রোপচার হয়। চিকিৎসা-পরবর্তী চেকআপের জন্য তিনি আত্মীয় অরুণ নায়কের যাদবপুরের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার চিকিৎসকের কাছে দেখানোর পর রাতে স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করেন এবং তিনতলার একটি ঘরে ঘুমোতে যান।
পরিবারের দাবি, রাত আনুমানিক ১টা নাগাদ হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। ঘরের লোকজন বাইরে এসে দেখেন, বাড়ির নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তপন দাস। আশপাশের বাসিন্দারাও ছুটে আসেন। কীভাবে তিনি নিচে পড়ে গেলেন, তা কেউ স্পষ্টভাবে বলতে পারেননি। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পরিবারের প্রাথমিক অনুমান, চোখের সমস্যার কারণে তিনি হঠাৎ অসুস্থ বা মাথা ঘুরে ছাদ কিংবা বারান্দা থেকে পড়ে যেতে পারেন। তবে ছাদে পাঁচিল থাকলেও ঘটনাটি কীভাবে ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার (Jadavpur Police Station) পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যাদবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।


