স্নেহা পাল, পশ্চিম মেদিনীপুর: রাজ্যে সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026)। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই শেষ হলেও খড়গপুর শহরের একটি পরীক্ষা কেন্দ্রে ঘটে যায় এমন এক ঘটনা যা শুনে অবাক গোটা শহর।
ইন্দা কৃষ্ণলাল শিক্ষানিকেতনের পরীক্ষার্থীদের প্রথম দিনের পরীক্ষায় সিট পড়েছিল খড়গপুরের সাউথ সাইড হাই স্কুলে। অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে স্কুল ইউনিফর্ম পরে কেন্দ্রে হাজির হয় এক কিশোর। কিন্তু প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের কাছে অ্যাডমিট কার্ড (Admit Card) দেখাতেই ঘটে বিপত্তি। যাচাইয়ের জন্য তাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে বসানো হয়। সেখানেই ধরা পড়ে যায় তার ‘ভুয়ো’ অ্যাডমিট কার্ড।
পুরনো রেকর্ডে ভিন্ন গল্প
স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর ২০২৪ সালে ইন্দা কৃষ্ণলাল শিক্ষানিকেতনে নবম শ্রেণিতে অকৃতকার্য হয়। এরপর সে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। স্বাভাবিকভাবেই তার দশম শ্রেণিতে ওঠার বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়ার কোনও সুযোগ ছিল না। এমনকি তার রেজিস্ট্রেশন কার্ড এখনও স্কুলের কাছেই রয়েছে।
ঘরে বসেই বানানো ‘পরীক্ষার টিকিট’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর স্বীকার করে যে, সে নিজেই ভুয়ো অ্যাডমিট কার্ড তৈরি করে মায়ের সাথে পরীক্ষায় বসতে আসে। ফটোশপের মাধ্যমে বাড়িতে বসেই সে বানিয়ে ফেলে ভুয়ো অ্যাডমিট কার্ড (Admit Card)।
এরপর বিষয়টি পরিবারকে জানানো হয় এবং খড়গপুর টাউন থানায় খবর দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি জানানো হয় মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনরকেও। পুলিশ স্কুলে এসে তাকে হেফাজতে নেয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরের ভবিষ্যতের কথা বিবেচনা করে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।


