Aaj lndia Desk, কলকাতা: নিট আন্দোলন (NEET Protest) ঘিরে দেশজুড়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন নতুন প্রজন্ম বা জেন-জি (Gen Z)-দের কাছে সরাসরি নিজের বার্তা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে গভীর রাতে প্রথমবার সেলফি ভিডিও (Selfie Video) করে সোশ্যাল মিডিয়ায় হাজির হন তিনি। নিট পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ভিডিওটি পোস্ট হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেন। লাইক, কমেন্ট এবং শেয়ারের সংখ্যাও দ্রুত বাড়তে থাকে। তবে হঠাৎ করেই সেই বহুচর্চিত ভিডিও ভারতে দেখা বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় জল্পনা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১টা ২৫ মিনিট নাগাদ বিষয়টি নজরে আসে। ফেসবুকে প্রধানমন্ত্রীর ওই পোস্টটি খুললে ভিডিওটি দেখা যাচ্ছিল না। পোস্টের নীচে থাকা ‘See Why’ অপশনে ক্লিক করলে একটি বিশেষ নোটিস দেখানো হচ্ছিল।
সেখানে বলা হয়, একটি আইনি অনুরোধের ভিত্তিতে ভারতের ব্যবহারকারীদের জন্য ওই কন্টেন্টের অ্যাক্সেস সাময়িকভাবে সীমিত করা হয়েছে। তবে সেই আইনি অনুরোধ কার পক্ষ থেকে করা হয়েছিল, কোনও সরকারি দপ্তরের নির্দেশ ছিল কি না বা কোন আইনের ভিত্তিতে ভিডিওটি ব্লক করা হয়েছিল—সে বিষয়ে নোটিসে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ফলে প্রধানমন্ত্রীর জনপ্রিয় ভিডিও হঠাৎ কেন বন্ধ করা হল, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে। যদিও এই বিধিনিষেধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির ওপর থেকে ব্লক তুলে নেয় মেটা (Meta)। বর্তমানে ভারতীয় ব্যবহারকারীরা আবার আগের মতোই প্রধানমন্ত্রীর সেই সেলফি ভিডিও দেখতে পাচ্ছেন।
প্রথম ভিডিওটি ব্যাপক সাড়া পাওয়ার পরের দিন আরও একটি সেলফি ভিডিও পোস্ট করে সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভিডিওতে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া ও পরামর্শের জন্য তিনি কৃতজ্ঞ। মানুষের এই ভালোবাসা ভবিষ্যতেও বজায় থাকবে এবং তাঁদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন মোদী।
তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গিয়েছে—কোন আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি ব্লক করা হয়েছিল এবং কয়েক ঘণ্টার মধ্যেই কেন সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল? এ বিষয়ে এখনও পর্যন্ত মেটার পক্ষ থেকে কোনও বিস্তারিত বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।


