স্নেহা পাল, দিল্লি: T20 বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র এক সপ্তাহ। খেলার ঠিক মুখেই নতুন করে বিতর্কে জড়ালো পাকিস্তান। প্রকাশ্যে আইসিসিকে (ICC) রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)।
পাকিস্তান সরকার রবিবার জানিয়েছিল, আসন্ন T20 বিশ্বকাপে দল অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। এই সিদ্ধান্তে স্বল্প হলেও চাপের মুখে পড়ে আইসিসি (ICC)। পাকিস্তানের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির তরফে বিবৃতি আসায় বিষয়টি আরও আলোচনায় আসে।
আইসিসির দ্রুত প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন
এর পরেই এক সাক্ষাৎকারে রশিদ লতিফ জানান, সাধারণত আইসিসি এত দ্রুত প্রতিক্রিয়া দেয় না। বিশেষত রবিবারে অফিস বন্ধ থাকা সত্ত্বেও তাদের বিবৃতি প্রকাশের তৎপরতা থেকেই বোঝা যায়, পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন।
ম্যাচ বন্ধে আর্থিক ধাক্কার আশঙ্কা
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আর্থিক ক্ষতির প্রসঙ্গও উঠে এসেছে। লতিফের মতে, এই ক্ষতির বড় অংশ বহন করতে হবে আইসিসিকেই, কারণ সম্প্রচার স্বত্ব এবং বিজ্ঞাপন থেকে আসা বিপুল রাজস্ব ওই ম্যাচের সঙ্গে যুক্ত। তিনি বলেন, পাকিস্তান সরে গেলে শুধু একটি ম্যাচ নয়, বিশ্বক্রিকেটের রাজস্ব কাঠামোই চাপে পড়বে।
নিষেধাজ্ঞায় আইসিসির ক্ষতিই বেশি ?
আইসিসি যদি পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, সে ক্ষেত্রেও সংস্থারই ক্ষতি বেশি হবে বলে দাবি লতিফের। তাঁর বক্তব্য, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশ বাদ পড়লে উন্নয়নশীল ক্রিকেট দেশগুলিকে দেওয়া ফান্ডিং ব্যবস্থাও ব্যাহত হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির (Mohsin Naqvi) ভূমিকার প্রশংসা করে লতিফ জানান, এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে।
তবে সম্ভাব্য সমাধানের পথও খোলা রাখছেন প্রাক্তন পাক অধিনায়ক। লতিফ মনে করেন, আইসিসির উচিত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা। এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্বক্রিকেটের অর্থনীতি ভেঙে পড়তে পারে বলেই তাঁর মত।


