Aaj lndia Desk, কলকাতা: কলেজ স্ট্রিটকে উচ্ছেদ নয়, বরং আধুনিক ও আরও আকর্ষণীয় বইপাড়ায় গড়ে তোলার পরিকল্পনা নিয়ে বুধবার সকালেই এলাকা পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul)। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরনিগমের পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। গোটা এলাকা ঘুরে দেখে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েই উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করেন মন্ত্রী।
সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট অংশকে ‘নো ভেহিকেল জোন’ হিসেবে গড়ে তোলা হবে। ওই এলাকায় কোনও মোটরগাড়ি চলবে না এবং হর্ন বাজানোও নিষিদ্ধ থাকবে। পরিবর্তে পথচারীদের জন্য হাঁটার উপযোগী পরিবেশ, সাইকেল চলাচলের ব্যবস্থা এবং প্রবীণদের সুবিধার জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। দর্শনার্থীরা নির্দিষ্ট স্থান থেকে সাইকেল নিয়ে বইপাড়া ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি বসে বই পড়ার জন্য বেঞ্চ, ক্যাফে এবং শান্ত পরিবেশ তৈরিরও ভাবনা রয়েছে।
মন্ত্রী জানান, মূল কলেজ স্ট্রিটের রাস্তা আপাতত অপরিবর্তিত থাকবে, কারণ সেটি শহরের গুরুত্বপূর্ণ যান চলাচলের পথ। তবে রাস্তার ধারে থাকা বইয়ের দোকানগুলিকে পরিকল্পিতভাবে স্থানান্তর করে একই নকশার সুসংগঠিত স্টল তৈরি করা হবে। এতে এলাকা আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হবে। বিভিন্ন রঙের অস্থায়ী টিনের পরিবর্তে একরকম নকশার স্টল তৈরির পরিকল্পনাও রয়েছে।
এই প্রকল্পে ব্যবসায়ীদের জীবিকায় কোনও প্রভাব পড়বে না বলেই আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, যাঁদের বইয়ের দোকান রয়েছে, তাঁদেরই নতুনভাবে নির্ধারিত জায়গায় স্থান দেওয়া হবে।
এদিকে, বই বিক্রেতাদের একাংশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বইপাড়া সুন্দরভাবে সাজানো হলে আপত্তি নেই, তবে উন্নয়নের নামে যেন কোনও ব্যবসায়ীর রুজি-রুটিতে আঘাত না লাগে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকারের তরফে মতামত নিয়েই পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


