মুম্বই: শনিবার গভীর রাতে বলিউড পরিচালক রোহিত শেট্টীর (Rohit Shetty) বাড়িতে হামলা। পরিচালকের মুম্বইয়ের জুহুর বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড ফায়ারিং-এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার পেছনে কাদের হাত? তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পরিচালকের বাড়ি লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চলার (Firing) শব্দ পাওয়া যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও ফরেন্সিক টিম। ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং আশপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়। পরবর্তীতে ওই এলাকায় পুলিশি টহলও আরও জোরদার করা হয়েছে। মুম্বই পুলিশ কমিশনার দেবেন ভারতী জানান, “জোনাল পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।”
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক গ্যাংয়ের (International Gang) সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের দিকটিও তদন্তের আওতায় রাখা হয়েছে, যদিও এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হয়নি।
গ্যাংস্টারদের নিশানায় একাধিক বলিউডের তারকা
প্রসঙ্গত, এর আগেও একাধিক বলিউড তারকার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বিখ্যাত পাঞ্জাবী সঙ্গীতশিল্পী সিদ্ধু মুসেওয়ালার খুনের পেছনে ছিল কুখ্যাত গোল্ডী ব্রার গ্যাং (Goldy Brar gang)। সম্প্রতি দিশা পাটানির বারেইলির বাড়িতে হামলা চালিয়ে ভিডিও বার্তায় দায় স্বীকার করেছিল গোল্ডী ব্রার, রোহিত গোধরার গ্যাং মেম্বর। এনকাউন্টারে দুজন গ্যাংস্টারকে খতম করে নয়ডা এসটিএফ।
২০২৪-এ বলিউড ভাইজান সলমন খানের বাড়িতেও ফায়ারিং-এর ঘটনা ঘটে। লরেন্স বিশ্নোই গ্যাং (Lawrence Bishnoi gang) ওই হামলা চালিয়েছিল বলে দাবী করেছিলেন ভাইজান। বলিউড বাদশা শাহরুখ খানকেও হুমকি আসে।
ফায়ারিং-এর ঘটনা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি রোহিত শেট্টী (Rohit Shetty) ও তাঁর পরিবার। তবে এই ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গুলি চালানোর উদ্দেশ্য কি শুধুই হুমকি দেওয়া না এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল, খতিয়ে দেখছে পুলিশ।


