Aaj lndia Desk,দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাংসদ কার্যালয়ে ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযান ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে দমকলের একটি দলও মোতায়েন ছিল, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
প্রথমে প্রশাসনের পক্ষ থেকে গার্ডরেল বসিয়ে কার্যালয় চত্বর ঘিরে ফেলা হয়। এরপর দুপুর নাগাদ তিনটি বুলডোজ়ার এনে ভবনের সামনের শেড ভাঙার কাজ শুরু হয়। পরে ধাপে ধাপে কার্যালয়ের সামনের অংশও ভাঙা হতে থাকে। প্রশাসনের তৎপরতায় গোটা এলাকা কার্যত নিরাপত্তার বলয়ে পরিণত হয়।
এদিকে ভাঙার কাজ শুরু হতেই এলাকায় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও দেখা যায়। আমতলার বিজেপি বিধায়ক অগ্নীশ্বর নস্কর দাবি করেন, সংশ্লিষ্ট কার্যালয়টি নিয়ম মেনে তৈরি করা হয়নি এবং এটি অবৈধ নির্মাণ। ঘটনাস্থলে এলাকার বিডিও ও বিএলআরও উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজরদারি করেন।
প্রশাসনিক সূত্রের দাবি, পাঁচতলা এই ভবনটি প্রয়োজনীয় অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট পক্ষকে নোটিস পাঠানো হয় এবং শুনানির জন্যও ডাকা হয়েছিল। তবে নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত না হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।
কর্তৃপক্ষের বক্তব্য, আইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনেই এই অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও একইভাবে আইন মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


