Aaj lndia Desk, কলকাতা: কলেজ স্কোয়ারের পুজোর সঙ্গে যুক্ত হওয়া এবং সভাপতি পদ গ্রহণ না করার বিষয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বৃহস্পতিবার কলেজ স্কোয়ারের খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের একবার পুজো দখলের রাজনীতির বিরুদ্ধে সরব হলেন তিনি।
শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, সমাজের প্রথা, রীতি ও সংস্কৃতিকে সম্মান জানানোই বাঙালির ঐতিহ্য। কলেজ স্কোয়ারের পুজোর সঙ্গে বহু মনীষীর স্মৃতি ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, থিম যতই বড় হোক না কেন, দুর্গাপুজোর মূল চেতনা ও আচার-অনুষ্ঠানই মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “কলা বৌয়ের স্নান না হলে কোনও পুজোরই পূর্ণতা আসে না।”
পুজো কমিটির উদ্দেশে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রাজনৈতিক চাপের কাছে কোনওভাবেই নতিস্বীকার করা উচিত নয়। জোর করে দুর্গাপুজো বা কোনও উৎসবের দখল নেওয়ার সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, কোনও দলের বিধায়ক বা জনপ্রতিনিধি নিজের এলাকার পুজোর সঙ্গে যুক্ত হতে পারেন, কিন্তু জোর করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) আরও জানান, পুজোকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার চেষ্টা করা উচিত। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে পুজোর গুরুত্ব বাড়তে পারে, তবে তিনি না এলেও ভক্তি ও আবেগ দিয়েই পুজো সফল হবে বলে মন্তব্য করেন বিজেপি নেতা। এমনকি তাঁকে কোনও পদে না রাখার আবেদনও জানান তিনি, কারণ কোনও দায়িত্বে থাকলে স্বাধীনভাবে মত প্রকাশ করা কঠিন হয়ে পড়বে বলেও ইঙ্গিত দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে রসিকতার সুরে শমীক বলেন, “এত গুণীদের মাঝে আমি বেগুন।” একই সঙ্গে তিনি দাবি করেন, আসন্ন দুর্গাপুজো পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবেই সম্পন্ন হবে।


