33.5 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

তৃতীয় ভাষায় ফেল? মিলবে না দশম শ্রেণির সার্টিফিকেট

Aaj India Desk,কলকাতা: সিবিএসই-র দশম শ্রেণির পড়ুয়াদের জন্য আসছে বড় পরিবর্তন। জাতীয় শিক্ষানীতি ২০২০-র লক্ষ্য অনুযায়ী এবার মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দিতে চলেছে বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে দশম শ্রেণির পাশের সার্টিফিকেট পেতে হলে পড়ুয়াদের তৃতীয় ভাষাতেও ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে।

তবে এই ভাষার জন্য আলাদা করে বোর্ড পরীক্ষায় বসতে হবে না। সংশ্লিষ্ট স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই নির্ধারিত হবে পড়ুয়ার সাফল্য বা ব্যর্থতা। অর্থাৎ, স্কুলে নেওয়া মূল্যায়নে পাশ করলেই এই শর্ত পূরণ হবে। কিন্তু সেখানে অনুত্তীর্ণ হলে দশম শ্রেণির চূড়ান্ত পাশের শংসাপত্র পাওয়া সম্ভব হবে না।

সিবিএসই জানিয়েছে, নতুন নিয়মটি ধাপে ধাপে চালু করা হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে ভর্তি হবে, প্রথমে তাদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। ফলে বর্তমানে যারা দশম শ্রেণিতে পড়ছে বা আগামী শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষায় বসবে, তারা এই পরিবর্তনের আওতায় পড়ছে না।

বোর্ড অবশ্য পড়ুয়াদের জন্য দ্বিতীয় সুযোগের ব্যবস্থাও রেখেছে। তৃতীয় ভাষার মূল্যায়নে কেউ প্রথমবার সফল না হলে, ফল প্রকাশের আগে স্কুলের পক্ষ থেকে পুনর্মূল্যায়নের সুযোগ দিতে হবে। সেই সুযোগ কাজে লাগিয়েও যদি প্রয়োজনীয় মান অর্জন করা না যায়, তবেই সার্টিফিকেট আটকে যেতে পারে।

জাতীয় শিক্ষানীতির তিন ভাষা সূত্র অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকেই পড়ুয়াদের তিনটি ভাষা শেখার ওপর জোর দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্তত দুটি ভাষা ভারতীয় হতে হবে। বিদেশি ভাষা পড়ার সুযোগ থাকলেও তার পাশাপাশি একটি ভারতীয় ভাষা শেখা বাধ্যতামূলক হবে।

শিক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্তের ফলে ভাষা শিক্ষা আর শুধুমাত্র আনুষ্ঠানিক বিষয় হয়ে থাকবে না। আগামী দিনে মাতৃভাষা ও ভারতীয় ভাষাগুলির চর্চা বাড়ানোর ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন