Aaj India Desk, কলকাতা: দীর্ঘ দু’বছর ধরে টলিউডে (Tollywood) কাজ পাচ্ছেন না সেই রূপসজ্জাশিল্পী, যাঁর অভিযোগের ভিত্তিতেই ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) গ্রেফতার হন। কঠিন সময়ে অভিনেতা দেব (Dev) তাঁকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এমনকি সমাজমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর পুজোর ছবি ‘দেশু ৭’-এ কাজের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন।
ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। কিন্তু সেই রূপসজ্জাশিল্পী এখনও ছবির সঙ্গে যুক্ত হতে পারেননি। সম্প্রতি তাঁকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। কারণ, একটি সাক্ষাৎকারে দাবি করা হয় যে তিনি নাকি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন। এই দাবি সামনে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়।
তবে তিনি এবার মুখ খুলে বলেন, তিনি নাকি এখনও কোনও কাজ পাননি। দেবের ছবিতে কাজ করছেন কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেব নিজের জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করেছেন। তাঁর সহকারীও যোগাযোগ করেছিলেন। তবে এখনও ছবির টিমে তাঁর নাম চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আর দেবকে বিরক্ত করতে চাননি।
বর্তমানে তাঁর সংসার চলছে খুব কষ্টে। তাঁর কথায়, দুই মেয়ের মধ্যে বড় মেয়ে প্রতি মাসে কিছু টাকা দিয়ে সাহায্য করে। বাড়িওয়ালাও বাবার মতো পাশে দাঁড়িয়েছেন। ভাড়া নিতে না পেরে উল্টে সংসার চালানোর জন্য প্রয়োজনীয় সাহায্যও করছেন। তবে এভাবে আর কতদিন চলবে, তা নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন।
সাম্প্রতিক বিতর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। তাঁর দাবি, তিনি কখনও নিজের অভিযোগ থেকে সরে আসেননি। তাঁর বক্তব্য, স্বরূপ বিশ্বাস ও বাপি মালাকারের সমর্থন না থাকলে ফটোগ্রাফার শান্তনু দে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিতে পারতেন না। তিনি আরও অভিযোগ করেন, শান্তনু দে তাঁকে ভয় দেখিয়েছিলেন এবং স্বরূপ বিশ্বাস ও বাপি মালাকারের কাছে মহিলাদের পাঠানোর কুপ্রস্তাবও দিয়েছিলেন। এছাড়াও তাঁকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রূপসজ্জাশিল্পীর আরও অভিযোগ, কাজ না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি মেকআপ আর্টিস্ট গিল্ডের সম্পাদক বাপি মালাকারের বিরুদ্ধে স্বরূপ বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। পরে সেই অভিযোগ তুলে নেওয়ার জন্যও তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে দাবি তাঁর।
শেষে তিনি স্পষ্ট জানান, তিনি আগেও যা বলেছেন, এখনও সেই বক্তব্যেই অনড় রয়েছেন। প্রয়োজনে পলিগ্রাফ পরীক্ষাতেও রাজি আছেন। তবে তাঁর সবচেয়ে বড় চিন্তা, যদি দ্রুত ইন্ডাস্ট্রিতে কাজ না পান, তাহলে একসময় টলিউড তাঁকে পুরোপুরি ভুলে যাবে।


