Aaj India Desk, কলকাতা : বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য। এর মধ্যেই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন বারুইপুরের সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তবে সেই পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কথোপকথনের উল্লেখ এবং আইনশৃঙ্খলা নিয়ে মন্তব্য ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।
সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টে সায়নী ঘোষ (Saayoni Ghosh) নাবালিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি লেখেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন যে, ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, ঘটনায় গ্রেফতারির প্রক্রিয়া চলছে, একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং মৃতার পরিবারের সঙ্গে প্রশাসন যোগাযোগ রাখছে। শুভেন্দু অধিকারী অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন বলেও উল্লেখ করেন সাংসদ।সায়নী ঘোষ জানান, বারুইপুরের সাংসদ হিসেবে তিনি লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন। পাশাপাশি, মৃতার পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার দাবিও জানাবেন।
তবে বর্তমানে এনসিপিআই-র (NCPI) সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহু ব্যবহারকারী তাঁর বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তোলেন। একটি মন্তব্যে একজন লেখেন, “আপনি এখন সরকারের দলে নাকি বিরোধী দলে?” আরও একটি মন্তব্যে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী যদি পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকেন, তাহলে অন্যান্য রাজনৈতিক ঘটনাতেও তাঁর অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য কেন নেই।
উল্লেখ্য, একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রথম সারির মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সায়নী গত মাসেই দলত্যাগ করে বিদ্রোহী শিবিরের সঙ্গে এনসিপিআই-তে যোগ দেন। সাম্প্রতিক এই পোস্টে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার দাবি করে প্রশাসনিক পদক্ষেপের প্রশংসা করায় সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, বিরোধী দলের সাংসদ হয়েও মুখ্যমন্ত্রীর প্রতি ইতিবাচক মন্তব্য এবং প্রশাসনের ভূমিকার প্রশংসা ঘিরে নানা জল্পনা ও বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই বিতর্কিত মন্তব্যগুলির কোনওটিরই এখনও প্রকাশ্যে জবাব দেননি সায়নী ঘোষ।


