Aaj lndia Desk,মুম্বই: বিশ্বকাপ(FIFA World Cup 2026)- এর শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এই জয়ের পরই ব্রাজিলকে কড়া ভাষায় আক্রমণ করলেন সুইডেনের প্রাক্তন তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic)।
ফক্স স্পোর্টসে কথা বলতে গিয়ে জ্লাটান বলেন, “সিংহ যখন ক্ষুধার্ত থাকে, তখন সে শিকার করেই।” তাঁর মতে, নরওয়ে পুরো ম্যাচে সেই ক্ষুধা এবং লড়াইয়ের মানসিকতাই দেখিয়েছে। অন্যদিকে ব্রাজিল প্রত্যাশামতো খেলতে পারেনি।
জ্লাটান আরও বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই ব্রাজিলের পারফরম্যান্স তাঁকে সন্তুষ্ট করতে পারেনি। কোচ কার্লো আনচেলত্তির কৌশলও ম্যাচে কাজে আসেনি। বরং নরওয়ের কোচ স্টালে সোলবাকেনের পরিকল্পনাই সফল হয়েছে।
ব্রাজিলের বিখ্যাত ‘জোগা বোনিতো’ স্টাইল নিয়েও কটাক্ষ করেন জ্লাটান। তাঁর দাবি, এই ম্যাচে সুন্দর ফুটবল খেলেছে নরওয়েই। পাশাপাশি ব্রাজিলের ফুটবলারদের আগাম উচ্ছ্বাস নিয়েও খোঁচা দিয়ে বলেন, ম্যাচ জেতার আগেই তারা নাচছিল, কিন্তু শেষ পর্যন্ত নরওয়েই পরের রাউন্ডে উঠে গেল।
নরওয়ের জয়ের নায়ক ছিলেন আর্লিং হালান্ড। তাঁর জোড়া গোলেই ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ভাইকিংরা। হালান্ডের প্রশংসা করে জ্লাটান বলেন, ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন হালান্ডের ওপর নজর রাখতে হবে। কারণ গোল করা যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
প্রথমার্ধে অবশ্য ব্রাজিলের ম্যাচে ফেরার সুযোগ ছিল। কিন্তু ব্রুনো গিমারেজ পেনাল্টি মিস করেন। অন্যদিকে নরওয়ের গোলরক্ষক ওরজান নাইল্যান্ড একাধিক দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান। শেষ দিকে হালান্ডের দুটি গোল ম্যাচের রং বদলে দেয়। ইনজুরি টাইমে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ব্রাজিল।
এই জয়ের পর নরওয়ের স্বপ্নের যাত্রা অব্যাহত থাকল। আর ব্রাজিলের বিদায়ের পর জ্লাটানের মন্তব্য ঘিরে ফুটবল মহলে শুরু হয়েছে জোর আলোচনা।


