স্নেহা পাল, সিঙ্গুর: বুধবার সিঙ্গুরের পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালির জনসভা থেকে ফের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তাঁর অভিযোগ, SIR-এর আড়ালে দেশে NRC চালুর চক্রান্ত চলছে এবং এর জেরে সাধারণ মানুষের প্রাণনাশ হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই এই প্রক্রিয়ার কারণে প্রায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নিজের লেখা একটি কবিতা পাঠ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি স্পষ্ট জানান, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। মমতার কথায়, “মানুষকে হত্যা করার চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা সাধারণ মানুষের পাশেই আছি।”
কেন্দ্র সরকারকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যকে প্রাপ্য আর্থিক সাহায্য না দিলেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তাঁর দাবি, প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের নিজস্ব তহবিল থেকেই।
সামাজিক প্রকল্পের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কন্যাশ্রী প্রকল্প ফার্স্ট সেকেন্ড ও বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত চালু রয়েছে এবং ভবিষ্যতেও তা বন্ধ হবে না। পাশাপাশি ওবিসি পড়ুয়াদের জন্য ‘মেধাশ্রী’ ও সংখ্যালঘুদের জন্য ‘ঐক্যশ্রী’ প্রকল্প চালু থাকার কথাও তুলে ধরেন তিনি। কৃষকদের সহায়তার বিষয়েও বক্তব্য রেখে মমতা জানান, কৃষকদের বছরে ১০ হাজার টাকা করে এবং এক কাঠা জমির মালিকদের জন্য ৪ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।
সিঙ্গুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারসহ সমস্ত সরকারি পরিষেবা চালু রয়েছে সেখানে। পাশাপাশি শিল্পায়নের লক্ষ্যে ৮ একর জমির উপর প্রায় ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। তাঁর স্পষ্ট বার্তা, “সিঙ্গুরে শিল্পও চলবে, কৃষিও চলবে।”
SIR ইস্যুতে আইনি লড়াইয়ের বার্তা দিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, তিনি কোনও আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে আদালতে যাবেন। তাঁর কাছে সমস্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ও আইনি দুই স্তরেই এই লড়াই চলবে বলে জানিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেন তিনি।


