কলকাতা: একের পর এক লাগামছাড়া মন্তব্য! এবার ব্যাপক চাপে পড়তে চলেছেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ তথা বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “হুমায়ুন কবিরের মত ব্যক্তিদের শিক্ষা দেওয়ার সময় এসেছে”। শুধু তাই নয়, “হুমায়ুনের মন্তব্য ক্ষতিকারক” বলেও উল্লেখ করেন শুভেন্দু (Suvendu Adhikari)।
প্রসঙ্গত, শুক্রবার শুক্রবার রেজিনগরের কাশীপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে হুমায়ুন (Humayun Kabir) বলেন, “মুসলমানদের জড়ো করে এমন স্যাটাভাঙা মার শুরুকরব, যে পালানোর পথ পাবে না”! পাশাপাশি তিনি আরও বলেন, “আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার—এসব কিছু বুঝব না।” এখানেই শেষ নয়, কাশীপুরের জনসভায় তাঁর আরও চ্যালেঞ্জ, ‘‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।”
বলা বাহুল্য, মমতা আমল থেকেই “হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব”, “শুভেন্দুকে ঠুসে দেবো”-র মতো একাধিক ধর্মীয় উস্কানিমূলক এবং অপমানজনক মন্তব্য করেছেন তিনি (Humayun Kabir)। তবে প্রতিবারই কোনভাবে পার পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কাশীপুরের মন্তব্যের পর শনিবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চা এবং সামাজিক সংগঠন রাম সীতা সেবা মন্দিরের যৌথ উদ্যোগে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিধানসভায় বলেন, রেজিনগরে হুমায়ুন কবিরের (Humayun Kabir) বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই মুর্শিদাবাদ যাচ্ছেন, বলেন তিনি। উল্লেখ্য, ছাব্বিশের ভোটে মুর্শিদাবাদের জোড়া আসনে লড়ে জেতেন হুমায়ুন। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের বিরুদ্ধে এবার তাহলে বড়সড় অ্যাকশন নিতে চলেছে শুভেন্দু-সরকার? কি পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সেইদিকেই তাকিয়ে রাজ্যবাসী।


