কলকাতা: রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করতে চায় বিজেপি সরকার। গত কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার বিধানসভায় ওবিসি সংরান্ত বিল পেশের পাশাপাশি UCC বিল (UCC Bill) পেশেরও জল্পনা চলছিল। তবে সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার এই বিল সম্ভবত বিধানসভায় পেশ করবে না শুভেন্দু-সরকার।
তার পরিবর্তে এই বিলের রূপরেখা কি হতে পারে, তা ঠিক কোর্টে কমিটি গঠন কোর্টে পারে সরকার। সূত্রের খবর, ইউসিসি-র খসড়া তৈরির জন্য খুব শীঘ্রই একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হতে পারে। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নামই সবচেয়ে এগিয়ে রয়েছে।
সরকারি সূত্রের দাবি, প্রাক্তন বিচারপতি দেশাইয়ের সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। সোমবার আরও এক দফা বৈঠকের পর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হতে পারে। পরবর্তী পর্যায়ে বিরোধী রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিদেরও এই কমিটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, উত্তরাখণ্ডে ইউসিসি বিল (UCC Bill) প্রণয়নের সময়ও একই ধরনের কমিটি গঠন করেছিল সেখানকার সরকার। সেই কমিটির নেতৃত্বেও ছিলেন বিচারপতি (অব.) রঞ্জনাপ্রকাশ দেশাই। পশ্চিমবঙ্গ সরকারও একই মডেল অনুসরণ করে বিস্তৃত মতামত সংগ্রহের মাধ্যমে বিলের খসড়া তৈরি করতে চাইছে বলে সূত্রের খবর।
তবে সরকার বুঝতে পারছে, পশ্চিমবঙ্গে ইউসিসি (UCC Bill) কার্যকর করার ক্ষেত্রে একাধিক আইনি ও সামাজিক জটিলতা রয়েছে। সেই কারণেই তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে ধাপে ধাপে এগোনোর কৌশল নেওয়া হয়েছে। বিভিন্ন সম্প্রদায় ও অংশীজনের মতামত নিয়ে সর্বসম্মত ভিত্তিতে বিলের খসড়া তৈরি করাই সরকারের লক্ষ্য বলে প্রশাসনিক সূত্রের দাবি।


