স্নেহা পাল, দিল্লি: আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে আইসিসি T20 বিশ্বকাপ। বাংলাদেশ (Bangladesh) ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তাদেরকে T20 বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি (ICC)। টুর্নামেন্টের গ্রুপ সি-তে বাংলাদেশের বদলে জায়গা দেওয়া হয় স্কটল্যান্ডকে (Scotland)। তবে এবার বাংলাদেশ নিয়ে আরো একটি কড়া পদক্ষেপ নিল আইসিসি (ICC)।
কভারেজের আবেদন নাকচ আইসিসির
বাংলাদেশ (Bangladesh) না খেললেও একাধিক বাংলাদেশি সাংবাদিক ভারত ও শ্রীলঙ্কায় গিয়ে T20 বিশ্বকাপ কভার করার জন্য আইসিসির (ICC) কাছে আবেদন করেছিলেন। কিন্তু সমস্ত বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে বলে দাবি বাংলাদেশি সংবাদমাধ্যমের। ফলে এ বার ভারত ও শ্রীলঙ্কায় T20 বিশ্বকাপ কভার করতে পারবেন না বাংলাদেশের কোনও সাংবাদিক।
বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিতে ক্ষুব্ধ আইসিসি
এদিকে বাংলাদেশের (Bangladesh) পাশে দাঁড়িয়ে T20 বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। পিসিবি প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির (Mohsin Naqvi) এই অবস্থানে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি (ICC)।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান যদি T20 বিশ্বকাপে অংশ না নেয়, তবে বিদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলতে যাওয়ার ক্ষেত্রে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেওয়া হবে না। পাশাপাশি পাকিস্তানের সব আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজও স্থগিত রাখা হতে পারে।এমনকি প্রয়োজনে এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। সেই সিদ্ধান্তের পরই বাংলাদেশে ভারত-বিরোধী প্রতিক্রিয়া জোরালো হয় এবং ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবি ওঠে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়ে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত জানায়।
দীর্ঘ আলোচনার পর আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশের ম্যাচ অন্যত্র সরানো হবে না এবং গ্রুপেও কোনও পরিবর্তন করা হবে না। আইসিসির (ICC) ভোটে পাকিস্তান ছাড়া কোনও দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। এমনকি শ্রীলঙ্কাও বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। এরপরই বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।


