কলকাতা: এসআইআর শুনানি (SIR Hearing) কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ তুলে ফের শাসকদলকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্সে রাজ্যের একটি এসআইআর শুনানি কেন্দ্রের ভিডিও পোস্ট করে তাঁর কটাক্ষ, “এটা এসআইআর শুনানি কেন্দ্র, না মাছের বাজার?”
তাঁর ফের অভিযোগ, তৃণমূলের কিছু নেতা ও কর্মীর উসকানিতে “গুন্ডারা” শুনানিকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করছে। যার জেরে প্রশাসনিক নিয়ম ও আইনি প্রক্রিয়া কার্যত ভেঙে পড়ছে। এরপর নামোল্লেখ না করলেও ফারাক্কার বিডিও অফিস ভাঙচুরের (Farakka BDO Office vandalise) প্রসঙ্গ টেনেই সমাজমাধ্যমে কটাক্ষ করেন শুভেন্দু।
X Link: https://x.com/SuvenduWB/status/2014611933064732959
তিনি লেখেন, “একাধিক SIR সেন্টারে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র নষ্ট করা হয়েছে, গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপর হামলা হয়েছে। অথচ ঘটনাস্থলেই উপস্থিত পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায়—হস্তক্ষেপ না করে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করছে বলে অভিযোগ। সবথেকে লজ্জাজনক ঘটনা, প্রকাশ্য দিবালোকে মহিলা AERO আধিকারিকদের উপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে, যা তাঁদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।”
শুনানিকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মনিরুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ
প্রসঙ্গত, ফারাক্কার বিডিও অফিসে এসআইআর শুনানি (SIR Hearing) চলাকালীন “দলীয় গুন্ডাদের নিয়ে অফিস ভাঙচুরের” অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ডিইও-কে দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
রাজ্যজুড়ে এসআইআর বিরোধী বিক্ষোভ
প্রসঙ্গত, ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। কিন্তু ‘তথ্যগত অসঙ্গতির’ কারণ দর্শীয়ে প্রতিদিনই শুনানি কেন্দ্রে নথি জমা দিতে যেতে হচ্ছে ভোটারদের। যার জেরে আলিপুরদুয়ার থেকে দক্ষিণ ২৪ পরগণা, জেলায় জেলায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও থেকে শুরু করে তৃণমূল কর্মী এবং আমজনতা। শুনানির লাইনে দাঁড়িয়ে অনেক প্রবীণ অসুস্থ হয়ে পড়ারও ঘটনা সামনে এসেছে। এই নিয়ে নির্বাচনের ঠিক আগে শাসক-বিরোধী তরজার আগুনে ঘি পড়েছে।


