স্নেহা পাল, গ্যাংটক : গত দুদিন ধরে জ্বলছে সিকিম। বরফ না পড়ায় অস্বাভাবিক শুষ্ক আবহাওয়ার মধ্যে পূর্ব সিকিমের (Sikkim) ভারত–চিন (Indo China Border) সীমান্তবর্তী কুপুপ (Kupup) গ্রামে ছড়িয়ে পড়েছে ভয়াবহ বনাগ্নি (Forest fire)।
সিকিমের কুপুপ (Kupup) এলাকা প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। সাধারণত জানুয়ারি মাসে এই অঞ্চল ঘন বরফে ঢাকা থাকে। কিন্তু চলতি শীতে হিমালয় জুড়ে তুষারপাত কম হওয়ায় অঞ্চলটি অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। সেই কারণেই এত উচ্চতায় বনাগ্নির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিকিম প্রশাসন (Sikkim Administration)।
ক্ষতির সম্মুখীন সংরক্ষিত বন
এই এলাকা পাঙ্গলাখা বন্যপ্রাণী অভয়ারণ্যের (Pangolakha wildlife sanctuary) অন্তর্গত। এখানে তুষার চিতাবাঘ, লাল পান্ডা-সহ একাধিক বিরল প্রাণীর বিচরণ রয়েছে। বন দফতরের আশঙ্কা, এই আগুন দীর্ঘস্থায়ী হলে বন্যপ্রাণী ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ওপর গুরুতর প্রভাব পড়বে। বন দফতরের প্রাথমিক হিসেব অনুযায়ী, এর মধ্যেই আগুনে অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের আনুমানিক ১১ থেকে ১২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন উপত্যকার এক দিক ধরে ছড়িয়ে অন্য দিকে এগোচ্ছে, যা সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে যাচ্ছে। ফলে আগুন নেভানোর কাজ ক্রমশ জটিল হয়ে উঠেছে।
ল্যান্ডমাইনের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ অভিযান
রবিবার সিল্ক রুটের থাম্বি ভিউপয়েন্ট (Thambi View Point) এলাকায় আগুন ছড়িয়ে পড়লেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কুপুপ (Kupup) অঞ্চলে আগুন এখনও পুরোপুরি নেভেনি।
বন দফতরের আধিকারিক উদয় গুরুং (Uday Gurung) জানান, দীর্ঘদিন তুষারপাত না হওয়া ও প্রবল শুষ্কতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, ডোকলাম সংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন থাকার আশঙ্কায় অগ্নিনির্বাপণের কাজ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর নেই। তবে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।


