কলকাতা: আদালতের নির্দেশে ১৪ দিনের এনএইএ হেফাজত হয়েছে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla)। শনিবার তাঁকে নিউটাউনের এনআইএ অফিসের সেলে রাখা হয়েছে। ১৯ জুন পর্যন্ত সেখানেই থাকবেন প্রাক্তন বিধায়ক। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গ্রেফতারির পর থেকে খুব কম কথা বলছেন শওকত (Saokat Molla)। জানা গিয়েছে, পরিবারের লোকজনদের সঙ্গেও বিশেষ কথা বলেননি তিনি। খাওয়া-ঘুমও ঠিকমত হয়নি তাঁর। অন্যদিকে, শওকতের এই পরিণতির জন্য তাঁর পরিবারের তরফে উঠে এসেছে চাঞ্চল্যকর বয়ান।
কি বলছে শওকতের পরিবার?
শনিবার আদালতে পরিবারের সদস্যদের সঙ্গে শওকতের (Saokat Molla) দেখা হয়। সেই সময় শওকত সংক্ষিপ্তভাবে বলেন, “ভালো আছি।” তবে পরিবারের দাবি, টানা জেরা, আদালতে যাতায়াত এবং গ্রেফতারির ধকল তাঁর শারীরিক অবস্থায় স্পষ্ট ছাপ ফেলেছে।
এদিকে শওকতের গ্রেফতারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর (Saokat Molla) পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকলেও শওকতকে সেখানে প্রার্থী করা হয়নি। পরিবর্তে তাঁকে ভাঙড়ে প্রার্থী করা হয়েছিল এবং সেই রাজনৈতিক সিদ্ধান্তই পরবর্তীকালে তাঁর সমস্যার সূত্রপাত ঘটায়।
পরিবারের অভিযোগ, ভাঙড়ে প্রার্থী হওয়ার পর এলাকায় ঘটে যাওয়া বোমাবাজি ও হিংসার বিভিন্ন ঘটনার সঙ্গে শওকত মোল্লার (Saokat Molla) নাম জড়িয়ে যায়। তাঁদের বক্তব্য, এই পরিস্থিতির জেরেই আজ তাঁকে আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে। এমনকি তাঁকে রাজনৈতিকভাবে ‘ফাঁসানো’ হয়েছে বলেও অভিযোগ করেছেন শওকতের পরিবারের সদস্যরা।


