Aaj India Desk, নয়াদিল্লী: সাধারণ মানুষের দৈনন্দিন খরচে আরও চাপ বাড়ল। ৭ জুন থেকে বাড়ির রান্নার গ্যাসের (LPG) সিলিন্ডারের দাম ২৯ টাকা বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রায় তিন মাস পর আবারও গৃহস্থালি গ্যাসের দাম (Cooking Gas Price) বাড়ানো হল। নতুন দাম কার্যকর হওয়ার পর কলকাতায় প্রায় ১৪.৫ কেজির একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৯৬৮ টাকা। তবে স্বস্তির খবর, এদিন বাণিজ্যিক গ্যাসের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম রয়েছে ৩,২৫৫.৫০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা এবং ইরান-ইজরায়েল সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ও দামে প্রভাব পড়েছে। এর প্রভাব পড়ছে গ্যাস, পেট্রোল এবং ডিজেলের বাজারেও। চলতি বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম একাধিকবার বেড়েছে। এবার সেই প্রভাব পড়ল গৃহস্থালি গ্যাসের ক্ষেত্রেও।
নতুন দাম অনুযায়ী, দিল্লিতে গৃহস্থালি গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ৯৪২ টাকায়। মুম্বইয়ে দাম হয়েছে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা এবং কলকাতায় ৯৬৮ টাকা।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে এখন পর্যন্ত গৃহস্থালি গ্যাসের দাম মোট ৮৯ টাকা বেড়েছে। এর আগে ৭ মার্চ সিলিন্ডার পিছু ৬০ টাকা দাম বাড়ানো হয়েছিল। তেল সংস্থাগুলির দাবি, ভর্তুকিযুক্ত গ্যাস কম দামে বিক্রি করতে গিয়ে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির কিছুটা ভার সামলাতেই এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বাণিজ্যিক গ্যাসের দামও গত কয়েক মাসে বারবার বেড়েছে। এপ্রিল মাসে দাম বাড়ানো হয়েছিল ২১৮ টাকা। মে মাসে বড়সড় বৃদ্ধি হয়ে প্রায় ১,০০০ টাকা পর্যন্ত দাম বেড়েছিল। এরপর ১ জুন আরও ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করা হয়। ফলে ব্যবসায়ী মহলেও খরচের চাপ ক্রমশ বাড়ছে।


