Aaj India Desk, কলকাতা: কলকাতা পুরসভার (KMC) আরও এক তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)-কে গ্রেফতার করল পুলিশ। ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বাপ্পাদিত্য দাশগুপ্ত (Bappaditya Dasgupta)। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ ছিল। পাটুলির ঝিলপাড় এলাকার কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হতো। এই একই মামলায় শনিবার বাপ্পাদিত্যর ঘনিষ্ঠ সহযোগী সৌরভ ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর থেকেই বাপ্পাদিত্যর গ্রেফতারির জল্পনা শুরু হয়। শনিবার রাতেই পাটুলি থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি ও অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ব্যবসা করতে গেলে ভয়ভীতি দেখানো, মারধর করা এবং মোটা অঙ্কের টাকা দাবি করা ছিল নিত্যদিনের ঘটনা। অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে।
এছাড়াও কিছু স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর। ঝিলপাড় এলাকায় নতুন দোকান তৈরি হলে প্রতি দোকানের জন্য ৫ লক্ষ টাকা করে দাবি করা হতো বলে অভিযোগ। সেই টাকা না দিলে দোকান চালু করতে বাধা দেওয়া হতো বলেও দাবি করেছেন অভিযোগকারীরা।
এই ঘটনার প্রতিবাদে শনিবার থানার বাইরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই অভিযোগগুলির সঠিক তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও, ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও বাপ্পাদিত্য দাশগুপ্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শনিবার রাতে তাঁকে থানায় আনার সময় থানার সামনে জড়ো হওয়া একাংশ মানুষ বিক্ষোভ দেখান এবং ‘চোর চোর’ স্লোগানও উঠে।


