Aaj India Desk, কলকাতা: রাজনৈতিক পালাবদলের পর দ্বিতীয় বারের মতো বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র রাজ্য সফরের ঘোষণা ঘিরে যখন রাজনৈতিক মহল সরগরম, ঠিক তখনই তৃণমূলকে নিশানা করে মন্তব্য ছুঁড়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শুধু প্রধানমন্ত্রীর সফরের কথা জানাননি, লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। রাজ্যে নতুন সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার পরই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
সূত্রে খবর, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়েই বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। সেই আবহেই দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূলের সাংগঠনিক রদবদল এবং লোকসভায় দলের নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “দেখা যাক লোকসভায় ওই পার্টিটা আর কতদিন আস্ত থাকে! লোকসভায় ওদের দলের নেতা কে থাকবেন, সেটাই দেখার।” তাঁর এই মন্তব্য ঘিরে যথারীতি শুরু হয়েছে তুমুল জল্পনা
ইতিমধ্যেই বিধানসভায় তৃণমূলের অন্দরে ভাঙনের খবর সামনে এসেছে। বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে তৈরি হয়েছে আলাদা গোষ্ঠী। সেই পরিস্থিতিতে লোকসভাতেও কোনও ভাঙনের সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়েই এখন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দিলীপ ঘোষের এই মন্তব্যকে নিছক রাজনৈতিক খোঁচা বলে উড়িয়ে দিতে নারাজ একাংশ। তাঁদের মতে, প্রধানমন্ত্রীর সফরের আগে এমন বক্তব্যের পিছনে কোনও রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।


