Aaj India Desk, কলকাতা : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা ববি ওরফে ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেওয়ার পর সেই জল্পনায় ইতি পড়ে।
কেনো ইস্তফা দিলেন ফিরহাদ ?
ইস্তফার ঘোষণা করে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি পুরসভার নিত্যদিনের কাজও সঠিকভাবে করতে পারছেন না। তাঁর কথায়, “বর্তমান পরিস্থিতিতে আমি পুরসভার স্বাভাবিক কাজও করতে পারছি না। তাই শুধুমাত্র ক্ষমতার লোভে বা চেয়ার আঁকড়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়।”
তিনি আরোও বলেন, “মানুষকে সব ধরনের নাগরিক পরিষেবা দেওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। যে কাজ এতদিন গর্বের সঙ্গে করেছি, আজ তা আর করতে পারছি না। অতীতে যাঁদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তাঁদের মতো মেয়র পদের মর্যাদা বর্তমান পরিস্থিতিতে ধরে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।”
আগেই তৈরি হয়েছিল জল্পনা
কয়েকদিন আগেই কালীঘাটের বৈঠকের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, ফিরহাদ হাকিম (Firhad Hakim) দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তখন বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হলেও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ফিরহাদ।
এর মধ্যেই তাঁকে পুর কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে একাধিক প্রশাসনিক কর্মসূচি ও বৈঠকে দেখা গিয়েছিল। ফলে রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল, পদত্যাগের জল্পনা হয়তো বাস্তবে রূপ নাও নিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মেয়র পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি।
ফিরহাদ হাকিমের ইস্তফার পর কলকাতা পুরসভার প্রশাসনিক নেতৃত্বে কী পরিবর্তন আসে এবং নতুন মেয়র নির্বাচনের প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।


