Aaj India Desk, কলকাতা: সরকার বদলালেও কাটমানির অভিযোগ যেন থামছেই না। এবার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কড়েয়া (Karaya) থানা এলাকায়। অভিযোগ, সরকারি প্রকল্পের ফর্ম দেওয়ার জন্য মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছিল। আরও অভিযোগ, এই কাজ চলছিল স্থানীয় একটি তৃণমূল কংগ্রেস (TMC)-এর দলীয় কার্যালয় থেকেই। ফর্ম দেওয়ার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হচ্ছিল বলে দাবি এলাকাবাসীর।
বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েকজন ভুক্তভোগী কড়েয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, তদন্তের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মহসিন আলি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, এবং সংগৃহীত টাকা কোথায় যেত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।


