স্নেহা পাল, লখনউ: বুধবার উত্তরপ্রদেশে প্রয়াগরাজে কেপি কলেজের পিছনের পুকুরে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (IAF Flight)। ছোট আকারের বিমানটি ভেঙে পড়ে প্রশিক্ষণ চলাকালীন। জানা যায় যে বিমানটি আসলে সঙ্গমের দিকে যাচ্ছিল। বুধবার প্রশিক্ষণ চলাকালীনই মাইক্রোলাইট বিমানটি বেসামাল হয়ে যায়। বিমানের নিয়ন্ত্রন হারান পাইলট, ফলে সটান গিয়ে পানাপুকুরে পড়ে বিমানটি। যান্ত্রিক গোলযোগের জেরেই নাকি এমন পরিণতি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে বিমানে থাকা দুই পাইলটই সুরক্ষিত রয়েছেন।
স্থানীয়দের তৎপরতায় রক্ষা দুই পাইলটের
ওই পুকুরের পাশ দিয়েই গিয়েছে রেললাইন। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন জানিয়েছেন, নিরাপদেই পুকুরে নেমে আসেন দুই পাইলট। হাত নেড়ে সাহায্য চান তাঁরা। স্থানীয়দের বেশ কয়েক জন এর পর পুকুরে ঝাঁপ দেন। তাঁরাই পাইলটদের তুলে আনেন। এর পর উদ্ধারকারী দল ও দমকল বাহিনী এসে পৌঁছয়। প্রত্যক্ষদর্শী সুরেন্দ্র কুমার জানিয়েছেন, হঠাৎই আকাশে বিমানটিকে টলমল করতে দেখেন তাঁরা। এর কয়েক মুহূর্ত পরই দু’টি প্যারাশ্যুট খুলে যায়। দুই পাইলট বিমান থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন। শূন্যে কার্যত সাঁতার কাটছিলেন তাঁরা। এর পরই পানা পুকুরের মধ্যিখানে আছড়ে পড়ে বিমানটি (IAF Flight)। তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক।
চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই তাঁরা ছুটে যান পুকুরের দিকে। বিশেষজ্ঞদের ধারণা, পুকুরে পড়ার কারণেই বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয়েছে।
প্রয়াগরাজের ডিসিপি জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই দুই পাইলটকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। পুকুর থেকে বিমানটি (IAF Flight) উদ্ধারের কাজ চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, বিমান ভেঙে পড়ার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কচুরিপানায় ঢাকা পুকুরের উপর ভেঙে পড়ে থাকা বায়ুসেনার বিমানটির দৃশ্য দেখে শিউরে উঠেছেন সাধারণ মানুষজন। পাশাপাশি, প্রশিক্ষণ চলাকালীন ভারতের বায়ুসেনার একটি বিমানের এমন দুর্ঘটনা কেন ঘটল, তা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।


