স্নেহা পাল, চেন্নাই: সাধারণত তামিল মাস ‘থাই’-এর পঞ্চম দিনে নদী উৎসব আত্রু থিরুভিঝা’ (Aatru Thiruvizha) পালিত হয়। পঙ্গাল উৎসবের পর এই নদী উৎসব উপলক্ষে ভিল্লুপুরম, কুড্ডালোর ও কাল্লাকুরিচি জেলায় প্রচুর মানুষের সমাগম হয়। সোমবার তামিলনাডুর কাল্লাকুরিচি (Kallakurichi) জেলার মানালুরপেট্টাইয়ে থেনপেন্নাই নদীর ধারে আয়োজিত এই উৎসবেই একটি হিলিয়াম গ্যাস ভরা সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তেই মেলার আনন্দ শোকে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট শব্দের সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা একাধিক মানুষ ছিটকে পড়েন। বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রাই আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। প্রশাসন সূত্রে খবর, এই দুর্ঘটনায় ১ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন এআইএডিএমকে (AIADMK)-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে. পালানিস্বামী (Edappadi K. Palaniswami)। X (পূর্বতন টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসাথে তিনি রাজ্য সরকারের কাছে মৃতের পরিবার ও আহতদের জন্য অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানান।
তথ্য অনুযায়ী, প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। উৎসবস্থলে নিরাপত্তা ব্যবস্থা ও গ্যাস সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম মানা হয়েছিল কি না তা নিয়েও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।


