কলকাতা: আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টেও (Supreme Court) মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ রাজ্য পুলিশের। শুক্রবার ইডির বিরুদ্ধে মমতার ‘সংবেদনশীল তথ্য’ হাতানোর অভিযোগ, কোনটিই ধোপে টেকেনি। এমনকি কলকাতা হাইকোর্টের প্রথম শুনানির দিন বিশৃঙ্খলা নিয়েও সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করে।
এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আসছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। এবার বিহার বিজেপির সভাপতি সঞ্জয় সরাওয়াগি মমতা সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুঁড়লেন। তাঁর দাবী, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের মুখোশ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।”
শুধু তাই নয়, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত”, বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সকলকে সংযত থাকার আবেদন করেন। রাজ্যপাল বলেন, “সকলকে আইনের শাসন মানতে হবে। সুপ্রিম কোর্টের বক্তব্যই চূড়ান্ত”।
সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা
বস্তুত, ৮ জানুয়ারি আইপ্যাক অফিস ও কর্ণধার প্রশান্ত কিশোরের বাড়িতে তল্লাশির সময় রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের আইনসম্মত তদন্তে হস্তক্ষেপ করার অভিযোগ জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে, তৃণমূলের সংবেদনশীল, গোপন তথ্য হাতাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইডির অভিযান বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এজি মনিষের বেঞ্চে ইডির তরফের আইনজীবী দাবী করেন, “সংবেদনশীল তথ্য নেওয়ার দাবী ভুল। কেননা ইডির গোয়েন্দারা কোনও তথ্যই নেননি।”


