35 C
Kolkata
Wednesday, April 1, 2026
spot_img

‘ইনকিলাব জিন্দাবাদ’-এর বদলে আরাবুলের মুখে ‘জয় বাংলা’! কি বললেন নওশাদ?

কলকাতা: কথায় বলে, পুরনো অভ্যাস সহজে যায় না! রাজনীতির ময়দানেও তারই প্রতিফলন যেন দেখা গেল সাম্প্রতিক এক ঘটনায়। ভোটের আগে শিবির বদলে নতুন রাজনৈতিক পথে হাঁটলেও, মঞ্চে ভাষণে পুরনো স্লোগানই মুখ ফসকে বেরিয়ে গেল ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের (Arabul Islam)।

সম্প্রতি ভাঙড়-এর এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যাশিত “ইনকিলাব জিন্দাবাদ”-এর বদলে আচমকাই তিনি বলে ফেলেন “জয় বাংলা”! যা মূলত তৃণমূল কংগ্রেস-এর রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত। মুহূর্তের জন্য সভামঞ্চে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি, যদিও দ্রুতই তিনি তা সামলে নেন।

উল্লেখ্য, এতদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি তিনি যোগ দিয়েছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এ, যা নেতৃত্ব দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। এই দলবদল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ভোট সমীকরণে এর প্রভাব নিয়ে। যদিও, “জয় বাংলা” বলার পর সঙ্গে সঙ্গেই ভুল স্বীকার করে নেন আরাবুল (Arabul Islam)। নিজ মুখেই বলেন, “দীর্ঘদিনের অভ্যেস তো! তাই বেরিয়ে গেছে!” পাশেই বসেছিলেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী।

আরাবুলের (Arabul Islam) কান্ডে কার্যত হেসেই ফেলেন তিনি। সেইসঙ্গে বলেন, “নিজের দীর্ঘদিনের অভ্যেসের কথা জনগণের সামনে স্বীকার করার মানসিকতা আছে ওনার”! রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে নিছক ‘জিভ ফসকানো’ বলেই উড়িয়ে দেওয়া যায়, তবে এর মধ্যে লুকিয়ে আছে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের ছাপ। দল বদলালেও মনস্তাত্ত্বিক ও সাংগঠনিক অভ্যাস বদলাতে সময় লাগে! এই ঘটনাই যেন তার ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করতে শুরু করেছে। তাদের দাবি, “দল বদলালেও মন এখনও পুরনো শিবিরেই পড়ে রয়েছে।” যদিও আইএসএফের স্থানীয় নেতৃত্ব বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। ভোটের মুখে এই ছোট্ট ঘটনাই এখন বড় রাজনৈতিক বার্তা বহন করছে—দলবদল শুধু সংগঠনগত নয়, মানসিক পরিবর্তনও কতটা কঠিন, তা আবারও সামনে এনে দিল এই ‘স্লোগান বিভ্রাট’।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন