Aaj India Desk, বীরভূম: ভোটের (Vote) আবহে রাজ্যজুড়ে জোরদার প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীদের তাদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করতে দেখা যাচ্ছে একাধিক জায়গায়। এরই মাঝে বীরভূমের রামপুরহাট (Rampurhat) উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ -মিছিলে অংশগ্রহণের জন্য মহিলাদের প্রলোভন দেখানো হচ্ছে। অভিযোগ, প্রচারে যোগ দিলেই দেওয়া হবে ছাগল। সেই আশাতেই রবিবার ছুটির দিনেও বহু মহিলা হাজির হন ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরে। তবে সেদিন অফিস বন্ধ থাকায় তাঁদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যেতে বলা হয়। যদিও ওই দিন কারও হাতে ছাগল তুলে দেওয়া হয়নি, কিন্তু ভবিষ্যতে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাঁদের অভিযোগ, মুরগি ও ছাগল দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে ভোট প্রচারে মহিলাদের অংশগ্রহণ করাতে চাইছে তৃণমূল (TMC) কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি।
এইদিন রামপুরহাট বিধানসভার কুসুম্বা গ্রামের একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এদিন রামপুরহাট-১ নম্বর ব্লক প্রাণী সম্পদ ও বিকাশ দফতরে পৌঁছন। তাঁদের বক্তব্য, গ্রামের এক তৃণমূল নেতার স্ত্রী আগেই জানিয়েছিলেন যে ওই দিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছাগল দেওয়া হবে। সেইমতো তাঁরা সেখানে উপস্থিত হন। কিন্তু গিয়ে দেখেন দফতর বন্ধ। পরে তাঁদের দলীয় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
মহিলাদের আরও দাবি, তৃণমূলের কার্যালয় থেকে জানানো হয়েছে -প্রত্যেককে একটি করে ডায়েরি দেওয়া হবে, যেখানে ভোট প্রচারে অংশ নেওয়ার উপস্থিতি নথিভুক্ত করা হবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের বিনামূল্যে ছাগল দেওয়া হবে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। বীরভূম জেলা সভানেত্রী রশ্মি দে বলেন, “পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল কংগ্রেস এখন মহিলাদের ছাগল ও মুরগির প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এই কৌশল আর কাজে আসবে না, মহিলারা সব বুঝে গিয়েছেন।”


