Aaj India Desk, হাওড়া: ভোটের দিন যতই এগোচ্ছে, ততই দুই শিবিরের কর্মীদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তবে এই উত্তেজনার মধ্যেও কি প্রকাশ্যে প্রার্থীই সরাসরি হামলায় নেমে পড়বেন? হ্যাঁ, ঠিক এমন ঘটনাই ঘটেছে ডোমজুড় বিধানসভায়। এই কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী গোবিন্দ হাজরা (Govinda Hajra)-এর বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, যে তিনি এক মুরগির দোকানের মালিকের সঙ্গে অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে চড়াও হয়েছেন। অভিযোগ আছে, তিনি ওই ব্যবসায়ীকে রোহিঙ্গা ও জেহাদি বলে হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, দোকান বন্ধ করে দেওয়ারও হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল( TMC) স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছে। রাজনৈতিক মহলে ঘটনা যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ডোমজুড় বিধানসভা এলাকার জগদীশপুর মোড় সংলগ্ন ফুটপাতে প্রায় দেড় বছর ধরে মুরগির মাংস বিক্রি করেন টুটুল হোসেন, যিনি মূলত বীরভূমের লাভপুর-এর বাসিন্দা। সম্প্রতি দেখা গেছে, তিনি বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা-র সঙ্গে বিবাদে জড়িয়েছেন। অভিযোগ অনুযায়ী, হাজরা টুটুলকে সরাসরি রোহিঙ্গা আখ্যা দিয়ে বলেন, “তুমি এখানকার বাসিন্দা নও। তুমি রোহিঙ্গা, তুমি জেহাদি, তুমি বাংলাদেশি।” সেইসঙ্গে দোকান বন্ধ করতে বাধ্য করার চেষ্টা করা হয়। এই পুরো ঘটনার ভিডিওও ধরা পড়েছে।
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, হাজরা আঙুল উঁচিয়ে চিৎকার করছেন এবং টুটুলকে লক্ষ্য করে অভিযোগ করছেন। পরে টুটুল নিজেও ক্যামেরার সামনে বলেন যে, তিনি বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। সম্প্রতি প্রকাশিত এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকাতেও তার নাম রয়েছে।
এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিদায়ী মন্ত্রী ও হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়ে বলেন, “যেহেতু মুসলিমরা তাদের ভোট দেয় না, তাই যেকোনো ব্যক্তিকে রোহিঙ্গা বলে ট্যাগ দেওয়া হচ্ছে। বাংলার মানুষ এসব মেনে নেবে না।”


