কলকাতা: শুক্রবার নিউটাউনে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির। এদিন সকালেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বেলা সাড়ে বারোটা নাগাদ নিউটাউনের হোটেলে ইস্তেহার (BJP Election Manifesto) পাঠ শুরু হয়। ইস্তেহার প্রকাশের আগে বিজেপির ইস্তেহার প্রণয়ন কমিটির সভাপতি তাপস রায় বলেন, কোনও ঠান্ডা ঘরে বসে নয়, এক কোটিরও বেশি মানুষের মতামত নিয়ে, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে পরামর্শ করেই এই ইস্তেহার (BJP Election Manifesto) তৈরি হয়েছে।
একনজরে বিজেপির সংকল্পপত্রের মূল প্রতিশ্রুতিগুলি:
- জাতীয় নিরাপত্তা জোরদার করতে অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ
- ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের বেতন কার্যকর
- নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলাদের মাসে ৩,০০০ টাকা ভাতা (মাসের ১–৫ তারিখের মধ্যে প্রদান)
- সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ নিশ্চিতকরণ
- আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় প্রকল্পগুলির পূর্ণ সুবিধা রাজ্যবাসীর জন্য
- মহিলাদের স্বাস্থ্যসুরক্ষা ও ক্যানসার প্রতিরোধে বিশেষ উদ্যোগ
- ৬ মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর প্রতিশ্রুতি
- স্টার্টআপ ও ক্ষুদ্র শিল্পে জোর দিয়ে যুবকদের স্বনির্ভর করা
- বেকার যুবকদের মাসিক ৩,০০০ টাকা ভাতা
- দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ ও কড়া আইনানুগ ব্যবস্থা
- কয়লা ও বালি পাচারের বিরুদ্ধে কঠোর অভিযান
- ভোট-পরবর্তী হিংসার শিকারদের আইনি সহায়তা (সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে)
- মহিলাদের নিরাপত্তায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন
- আলু, ধান ও আমচাষিদের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় ও ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি
- বাংলাকে প্রধান বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য
- চা-বাগান শ্রমিকদের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা; দার্জিলিং চায়ের বিশ্বব্যাপী প্রসারে বোর্ড গঠন
- উত্তরবঙ্গে AIIMS, IIT ও ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা
- কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির উদ্যোগ
- যানজট কমাতে কলকাতা মেট্রোর সম্প্রসারণ
- বন্ধ জুটমিল পুনরুজ্জীবন ও আধুনিক পাট শিল্প গড়ে তোলা
- ‘বন্দেমাতরম’ সংগ্রহশালা স্থাপন
- কলকাতার সামগ্রিক উন্নয়নে বিশেষ প্রকল্প
- রেলপথ সম্প্রসারণে জমি সমস্যার সমাধান
- কলকাতা বন্দরের উন্নয়ন ও তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণ
- সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ
- সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত
- সিঙ্গুরে বিজনেস পার্ক; ৫০% জমি MSME-র জন্য বরাদ্দ
- ৫ বছরে ১ কোটি নতুন চাকরির প্রতিশ্রুতি
- আলু ও আমচাষিদের জন্য ব্লকভিত্তিক কোল্ড স্টোরেজ ব্যবস্থা


