Aaj India Desk, মুর্শিদাবাদ: নওদা (Nowda)-য় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhyay)-এর সভাকে ঘিরে তৈরি হল চরম বিশৃঙ্খলার ছবি। সভামঞ্চের সামনেই আচমকা বিক্ষোভে ফেটে পড়েন একাংশ কর্মী-সমর্থক। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চলতে থাকে চেয়ার ভাঙচুর, একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি। বহু চেয়ার ভেঙে যায়, সভাস্থলের একাংশ কার্যত লণ্ডভণ্ড হয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যেই দেখা যায়, সাদা টি-শার্ট পরা এক যুবক সামনে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) পছন্দের নেতার টিকিট না পাওয়া নিয়েই ক্ষোভ উগরে দেন তাঁরা।
মঞ্চ থেকে নেতৃত্ব বারবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্প সময়ের মধ্যেই মঞ্চে উঠবেন, তাই চেয়ারগুলো ঠিকঠাক করে রাখার অনুরোধও করা হয়। কিন্তু তাতে কর্ণপাত না করেই বিক্ষোভকারীরা তাণ্ডব চালাতে থাকেন।চোখে পড়ে, তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীরা মিছিল করে মঞ্চের সামনে এসে জড়ো হন। প্রথমে তাঁরা দর্শকাসনের বাইরে দাঁড়িয়েছিলেন। পরে ব্লক সভাপতি ভিতরে ঢোকার পরই আচমকা উত্তেজনা বাড়ে এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। আগে থেকে বসে থাকা কর্মীদের সরিয়ে দেওয়া হয়, যার জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সূত্রের খবর, এবারের নির্বাচনে ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ টিকিট পাননি। নওদা আসনে প্রার্থী করা হয়েছে শাহিনা মমতাজকে। এই সিদ্ধান্ত ঘিরেই শফিউজ্জামান শেখের অনুগামীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


